হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগ, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী জাহান বৃষ্টি। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভারে যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে কর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভারে যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। নিয়মিত যাতায়াতের মতো তিনি ৩০ টাকা ভাড়া দেন। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।
বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’
তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়াত করলেও কিছু করতে পারেননি—এমন হুমকিসূচক মন্তব্য করেন।
বৃষ্টি বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নীলাচল পরিবহণের বাস আটকে রেখে প্রতিবাদ জানান।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন